কুয়েতে মাদকসহ বাংলাদেশি আটক
যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ থেকে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মাদক জব্দের পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে। এর আগেও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার আওতায় এনেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া বিমানে এত বিপুল পরিমাণ মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পার হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা।
কুয়েতপ্রবাসী সুমন চৌধুরী বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া পেরিয়ে এত বড় চালান দেশের বাইরে যাওয়া উদ্বেগের বিষয়। এ ঘটনায় কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন